বিপ্লব সৃষ্টি করবে নতুন যুগের ব্লকচেইন প্রযুক্তি

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৫  
নতুন যুগের ব্লকচেইন প্রযুক্তি বিপ্লব সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'হারনেসিং ব্লকচেইন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী সেশনে তিনি এ কথা বলেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আয়োজনে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মনমোহন প্রকাশ বলেন, আধুনিক জীবনের শাসন ব্যবস্থা, অর্থনীতি, ইন্ডাস্ট্রি, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিষেবার দক্ষতা বৃদ্ধিতে নতুন যুগের ব্লকচেইন প্রযুক্তি বিপ্লব সৃষ্টি করতে সক্ষম। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা এ দেশের মানুষের সঙ্গে ব্লকচেইন প্রযুক্তির পরিচয় করাতে চাই। সেই সঙ্গে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের নতুন নতুন সম্ভাবনার দ্বারগুলো খুঁজে বের করতে চাই। উদ্বোধনী সেশনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফরিদা নাসরিন বক্তব্য রাখেন।